দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায়। থালাপতি বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের মাঝে আবার শোনা যাচ্ছে এক ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় জগত থেকে সম্পূর্ণ বিদায় নিচ্ছেন তিনি। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃষা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে। আমার নাকি চারটি যমজ সন্তান রয়েছে যাদের বয়স এখন দুই বছর! আর কিছু কি বাকি আছে, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূর্ণ হয়েছে?’
বিজয়ের সঙ্গে তৃষার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আলোচনাও দীর্ঘদিনের। এমনকি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন বলেও খবর রয়েছে। পারিবারিক আদালতে এই মামলা চলাকালীন তৃষার সঙ্গেই এক বিয়ের অনুষ্ঠানে হাজির হন বিজয়। তাতে যেন আরও হইচই পড়ে যায়। যদিও বিতর্কের মাঝে বিজয় দাবি করেছেন, তিনি সব খুইয়ে রাজনীতিতে এসেছেন, রাজনীতি ছাড়া আর কিছু নেই তার জীবনে।
এর আগে বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে রহস্যময় এক বার্তায় তৃষা লিখেছিলেন, ‘‘আমি জীবনের এমন এক পর্যায়ে আছি, যেখানে আমি আর তর্ক করি না। আপনি যদি বলেন, ‘‘হাতি উড়তে পারে’’! তা হলে আমি বলব, ‘‘আপনি একদম ঠিক’’। আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, তেমনটা নয়। আসলে আপনাকে বোঝানোর মতো যথেষ্ট আগ্রহ আমার নেই। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি- নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে মানসিক শান্তি বেশি মূল্যবান। ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকা সহজ এবং সবাই আমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। কিছু তর্ক যেমন ভুল বোঝাবুঝির পর্যায়ে চলে যায়। সেগুলো আমাকে নিঃশেষ করে ফেলতে পারে। তাই আমি সে সব থেকে দূরে থাকি। নিজের শান্তি বজায় রাখি। আমি আজকাল নির্বিকার।’
পোস্টের শেষাংশে তৃষা লেখেন, ‘জীবনে ভালবাসাই সবকিছু নয়। আবার ভালবাসা ছাড়া সবকিছু অনর্থক।’