সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য খালাসের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক।
গত কাল ২২ এপ্রিল বুধবার সকাল ৯ টায় উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩ সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায় , বালসাবাড়ী এলাকায় গোপনে ভারত থেকে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাস করা হচ্ছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের চেষ্টা করেন।
এ সময় অভিযুক্ত আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার শিকারে দৈনিক এই বাংলা উপজেলা প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু ও গ্রীন টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান উপজেলার বালসাবাড়ী এলাকায় সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি।