পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং ‘ওয়াটার এইড বাংলাদেশ’ ও ‘সুইসকন্টাক্ট বাংলাদেশ’-এর কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ।
প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সরকারের ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা আরও জোরদার হবে।